127 জন পড়েছেন
বগুড়া প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া লোগো ব্যবহার, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়াই খাদ্যপণ্য বাজারজাত এবং খাবারে নিষিদ্ধ উপকরণ ব্যবহারের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার বড় কুতুবপুর ও উপজেলা রোড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, উপজেলার ‘রুপা ব্রেড অ্যান্ড বিস্কুট’ কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে মেঝেতে রেখে পাউরুটি তৈরি করতে দেখা যায়। এ ছাড়া বিএসটিআইয়ের লাইসেন্স না থাকা সত্ত্বেও লোগো ব্যবহার, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করে বিস্কুট ও কেক বাজারজাত এবং খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টি উঠে আসে।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, ‘গোল্ডেন ফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে’ খাবারে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার এবং নিষিদ্ধ ঘোষিত রেড বুল এনার্জি ড্রিংক বিক্রির অভিযোগ পাওয়া যায়। এ অপরাধে রেস্টুরেন্টটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আরোপের পাশাপাশি তাৎক্ষণিকভাবে অর্থ আদায় করা হয়।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল। অভিযানে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি দল।