107 জন পড়েছেন
বগুড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিপস তৈরি, মেয়াদোত্তীর্ণ চিপস সংরক্ষণ, ইন্ডাস্ট্রিয়াল লবণ ও নিম্নমানের রং ব্যবহারের অভিযোগে ‘আফিফ চিপস’ কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বগুড়া সদর উপজেলার নিশিন্দারা উত্তরপাড়ায় অবস্থিত কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, কারখানাটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিপস তৈরি করা হচ্ছিল। পাশাপাশি নষ্ট ও মেয়াদোত্তীর্ণ চিপস বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ, চিপস তৈরিতে ইন্ডাস্ট্রিয়াল লবণ ও মাত্রাতিরিক্ত অ্যামোনিয়াম বাই-কার্বোনেট ব্যবহার এবং গুণগত মান যাচাই ছাড়াই নিম্নমানের রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এছাড়া কারখানার খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টিও অভিযানে উঠে আসে।
এসব অপরাধের দায় স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান চলাকালে আনুমানিক তিন মণ ইন্ডাস্ট্রিয়াল লবণ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। এছাড়া ২৩ কেজি নিম্নমানের রং জব্দ করে এ-সংক্রান্ত উপযুক্ত প্রমাণক দাখিলের নির্দেশ দেওয়া হয়।
অভিযানে বগুড়া সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক (দায়িত্বপ্রাপ্ত) মো. সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য সহায়ক কর্মীরা উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করে র্যাব-১২ ও জেলা পুলিশের একটি চৌকস দল।
জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।