102 জন পড়েছেন
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে উৎসবমুখর পরিবেশ ও বিপুল দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর দ্বিতীয় সেমিফাইনাল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে নগর অল স্টার ক্লাবকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বগুড়ার আল আমিন ক্রীড়া চক্র।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার মাড়িয়া ঐতিহ্যবাহী খেলার মাঠে এ সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। মাড়িয়া যুব কল্যাণ সংঘের উদ্যোগে এবং শাজাহানপুর উপজেলা যুবদলের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ টুর্নামেন্ট ঘিরে স্থানীয় ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
খেলার নির্ধারিত ৯০ মিনিটে নগর অল স্টার ক্লাব ও আল আমিন ক্রীড়া চক্রের কোনো দলই গোল করতে পারেনি। পরে ম্যাচের ভাগ্য নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। সেখানে ৪-৩ গোলে জয় পেয়ে ফাইনালে জায়গা করে নেয় আল আমিন ক্রীড়া চক্র। ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন নগর অল স্টার ক্লাবের জাহিদ হাসান। আর সেরা গোলরক্ষকের পুরস্কার পান আল আমিন ক্রীড়া চক্রের গোলরক্ষক সাকিব হাসান।
এর আগে গত ১ অক্টোবর অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কামারপাড়া স্পোর্টিং ক্লাবকে ৩-১ গোলে পরাজিত করে ফাইনালে ওঠে খেলোয়াড় কল্যাণ সমিতি, নয়মাইল। ফলে শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে খেলোয়াড় কল্যাণ সমিতি, নয়মাইল ও আল আমিন ক্রীড়া চক্র।
মাড়িয়া যুব কল্যাণ সংঘের সভাপতি ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বাদশা সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম। টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আতাউর রহমান শম্ভু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাহাদত হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, শাজাহানপুর উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।
আয়োজকরা জানান, মাড়িয়া যুব কল্যাণ সংঘের সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টটি সুষ্ঠু ও জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। খেলা দেখতে মাঠে স্থানীয় ক্রীড়ামোদীসহ বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। তাঁদের উচ্ছ্বাস ও করতালিতে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে।
এ ধরনের ফুটবল টুর্নামেন্ট স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চা বাড়ানোর পাশাপাশি তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।