110 জন পড়েছেন
বগুড়ায় এনসিপি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি
বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের জলেশ্বরীতলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে আলতাফুন্নেছা খেলার মাঠের পাশে অবস্থিত কার্যালয়টিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দলটির বগুড়া জেলা শাখা।
বৃহস্পতিবার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এনসিপি বগুড়া জেলা শাখার নেতারা এ দাবি জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজনৈতিক দলের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। রাজনৈতিক মতপার্থক্য ও আদর্শের ভিন্নতা থাকলেও কোনো দলের কার্যালয়ে আগুন দেওয়া কিংবা ভীতি প্রদর্শনের মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার চেষ্টা গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী।
এনসিপির নেতারা বলেন, রাজনীতির মূল শক্তি হলো সহনশীলতা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও জনগণের প্রতি দায়বদ্ধতা। সহিংসতা, অগ্নিসংযোগ কিংবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক স্বাধীনতা দমিয়ে রাখা যায় না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বগুড়াসহ সারা দেশে সব রাজনৈতিক দলের কার্যালয়, নেতাকর্মী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক বিরোধের সমাধান শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়েই হওয়া উচিত।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘সহিংসতা নয়, সহাবস্থান চাই; প্রতিহিংসা নয়, গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি চাই।’
বিজ্ঞপ্তিতে উপস্থিত হিসেবে উল্লেখ করা হয়, এনসিপি বগুড়া জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ, সদস্যসচিব সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক (দপ্তর) মাইনুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব আবদুস সবুর সুমন, সাংগঠনিক সম্পাদক এফ এম মাহমুদুল হক রাকিব ও সদস্য আল মুক্তাদির আহমেদ দ্বীপ।
এ ছাড়া উপস্থিতদের মধ্যে ছিলেন ছাত্রশক্তি বগুড়া জেলা শাখার সদস্যসচিব সৈকত আলী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাব্বি মন্ডল, এনসিপির শ্রমিক নেতা মজনু মিয়া এবং যুবশক্তি বগুড়া জেলা শাখার মহিদ উল নবী মিসু, তৌফিকুর রহমান স্বপ্ন ও আরিফুজ্জামান শামীম।