66 জন পড়েছেন
বগুড়ায় ‘কোবরা বাহিনীর’ সদস্য রতন পাইকারসহ ৭ জন গ্রেপ্তার, উদ্ধার ৫৭০ পিস ইয়াবা
বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে কথিত ‘কোবরা বাহিনীর’ অন্যতম সদস্য রতন পাইকারসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ৫৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ডিবি পুলিশ।
রোববার (১ নভেম্বর) রাত আনুমানিক ১টা ২০ মিনিটে বগুড়ার শাজাহানপুর উপজেলার বেজোড়া ঘাটপাড়া এলাকায় আকবর আলীর গ্যারেজের সামনে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়া সদর উপজেলার কুকরুল এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. রুবেল প্রামাণিকের নেতৃত্বে একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। পুলিশের কাছে খবর ছিল, রতন পাইকার তাঁর সহযোগীদের নিয়ে বেজোড়া বাজার এলাকার আকবর আলীর গ্যারেজে এক অজ্ঞাতনামা যুবককে আটকে মারধর করছেন।
অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মো. রতন পাইকার (৩৬), মো. বাবু শেখ (৩২), মো. মিরাজ মোল্লা (৩৫), মো. সুমন মিয়া (২৮), মো. রাজু মিয়া (২৭) ও মো. রিয়াদ সাকিদারকে (২৭) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
পরবর্তী সময়ে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার কুকরুল দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের সহযোগী আবুল বাশার বাপ্পীকে (২৫) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে আরও ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে অভিযানে ৫৭০ পিস ইয়াবা উদ্ধার হয়েছে।
ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বগুড়া সদর ও শাজাহানপুর থানায় হত্যা, মারামারি, বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অভিযোগে আটটির বেশি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।