41 জন পড়েছেন
বগুড়ায় অনলাইন জুয়ার চক্রের তিন সদস্য গ্রেপ্তার, ৬ মোবাইল ফোন জব্দ
বগুড়ার নন্দীগ্রামে অনলাইন জুয়া পরিচালনা ও অবৈধ ডিজিটাল লেনদেনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত পাঁচটি স্মার্টফোন ও একটি বাটন ফোনসহ মোট ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নন্দীগ্রাম উপজেলার পণ্ডিতপুকুর এলাকার মো. সোহেল রানা (২৮), বৃকঞ্চি এলাকার মো. এমরান হোসেন (২৯) এবং মাধবকুড়ি এলাকার মো. রেজাউল করিম তানসেন (৩২)।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহারের তত্ত্বাবধানে এসআই মো. ফেরদৌস আলীর নেতৃত্বে ডিবির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
ডিবি পুলিশ জানায়, জব্দ করা মোবাইল ফোনগুলো পর্যালোচনা করে বিকাশ, নগদ ও বিন্যান্সসহ বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে অনলাইন জুয়ার বড় অঙ্কের আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া ‘1Xbet’, ‘Mobcash’, ‘Reddy’, ‘Bybit’ ও ‘Money-go’সহ বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় জুয়ার অ্যাপ এবং ওয়েবসাইট ব্যবহারের প্রাথমিক প্রমাণ মিলেছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা মোবাইল নেটওয়ার্ক ও বিভিন্ন ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা এবং ভার্চুয়াল মুদ্রায় লেনদেনের সঙ্গে জড়িত একটি চক্রের সক্রিয় সদস্য।